অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার প্রহর। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত সেই মুহূর্তটি এসেছে — জাতীয় দলের হয়ে মাঠে নামার জন্য দেশে পৌঁছেছেন ইংলিশ ফুটবলের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা। বিমানবন্দরে আনুষ্ঠানিক ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও।
বিমানবন্দর থেকে ছাদখোলা জিপে করে হামজাকে নিয়ে যাওয়া হবে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে, তার নিজ গ্রামে। সেখানে তাকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ।
সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের জার্সিতে তার অভিষেক হওয়ার কথা রয়েছে। কোটি ফুটবলভক্ত সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনছেন।
বাংলাদেশের ফুটবল অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী। তার আগমন যেন দেশের ফুটবলে নতুন স্বপ্নের আলো ছড়িয়েছে।