ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ৮ কারখানা ছুটি ঘোষণা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন। তবে আধা ঘণ্টার মধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধদের সরিয়ে দিয়ে মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করে। সোমবার (১৭ মার্চ) সকালে ওই বিক্ষোভের জের ধরে আশপাশের ৮টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নগরের ভোগড়া এলাকার মীম আলেমা ডিজাইন গার্মেন্টস কারখানা শ্রমিকদের অভিযোগ, কারখানায় কর্মরত তিন শতাধিক শ্রমিক মাসের বেতন ঠিকমতো পাচ্ছিলেননা। গত মাসের বেতন এখনো দেয়া হয়নি। আবার অনেক শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া আছে। বেতন দেওয়ার সময় হলে কর্তৃপক্ষ গড়িমসি করে। তাই বেতনের দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হন।
এলাকাবাসী জানায়, শ্রমিক বিক্ষোভের সময়ে ভোগড়া বাইপাস এলাকার আশপাশের ফ্যাক্টরিগুলোতে বিক্ষোভ চলাকালে ইটপাটকেল ছুড়তে থাকে। এ কারণে রোয়া ফ্যাশন লিমিটেড, ম্যাস্টেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, ক্লোসাস অ্যাপারেলস লিমিটেড, রোজ সোয়েটার লিমিটেড, স্কয়ার ফ্যাশন লিমিটেড, ফারদার ফ্যাশন লিমিটেডসহ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান,
সড়কে নামার আধাঘণ্টার মধ্যেই শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে এ কারণে ৭-৮ টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে জানতে ওই কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।