ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুলসী গ্যাবার্ডের মন্তব্যে উদ্বেগ: বাংলাদেশ সরকারের কঠোর প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের একটি বিতর্কিত মন্তব্যের জবাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ওই মন্তব্যে গ্যাবার্ড দাবি করেছেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ‘নিপীড়ন ও হত্যা’ চলছে এবং ‘ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠী’ ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এই বক্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে সরকার একটি বিবৃতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, “তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশকে অযৌক্তিকভাবে কলঙ্কিত করা হয়েছে। এটি দেশের ভাবমূর্তি ও সম্মানের প্রতি গুরুতর আঘাত। বাংলাদেশ সবসময় শান্তিপ্রিয় ও সহনশীল ইসলামের চর্চার জন্য পরিচিত। চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে অর্জিত সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত।”

সরকারের দাবি, গ্যাবার্ডের অভিযোগ কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে করা হয়নি। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্বের অনেক দেশের মতো চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি হলেও, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সংস্কার ও সন্ত্রাসবিরোধী উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। “ইসলামিক খিলাফতের” সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার চেষ্টাকে সরকার সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে, এবং এটিকে দেশের জনগণ ও আন্তর্জাতিক অংশীদারদের প্রতি অবমাননাকর বলে মনে করছে।

বিবৃতিতে আরও বলা হয়, “শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি অটুট। এ ধরনের অসতর্ক মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও ভীতি ছড়াতে পারে। আমরা আহ্বান জানাই, দায়িত্বশীল ব্যক্তিরা সংবেদনশীল বিষয়ে সঠিক তথ্যের ভিত্তিতে কথা বলুন।”

বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে সক্রিয় অংশীদারিত্বের প্রতি সমর্থন জানিয়ে গঠনমূলক সংলাপের ওপর গুরুত্বারোপ করেছে। সরকার জোর দিয়ে বলেছে, তারা সকল দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল এবং সত্যের ভিত্তিতে সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।