কুমিল্লার চান্দিনায় এনজিও’র এক পুরুষ ও এক নারী কর্মীকে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে শারীরিক ও যৌন নির্যাতন করে। মোবাইল ফোনে ধারণ করা নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে অভিযুক্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ১১ টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পারের একটি বাগানে এ ঘটনা ঘটে। তারা আইডিএফ নামে একটি এনজিও’র চান্দিনা শাখায় কর্মরত। পরদিন মঙ্গলবার ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন এনজিও’র পুরুষ কর্মী তারেক রহমান।
আইডিএফ এনজিও’র ঋণ আদায়কারী তারেক রহমান জানান, কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। তারা নারীকে পুরো নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি করে। বিকাশে ২০ হাজার টাকা এনে দেয়ার পরেও কিন্তু তারা বাকি টাকা পেলে ভিডিও ডিলিট করবে বলে জানায়। এদিকে ২০ হাজার টাকা নেয়ার পরও তারা নারীর উপর অত্যাচার শুরু করে। গ্রামবাসী টের পেয়ে ধাওয়া করে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, হাসপাতালে চিকিৎসা শেষে আমরা তাদেরকে থানায় এনে বিস্তারিত শুনে মামলা নেই। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।