ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজকে কেন্দ্র দুই গ্রুপের সংর্ঘষে আহত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ (২৭) নিহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বুধবার রাত ৯ টায় তার মৃত্যু হয়। এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত চার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রহিম মিঝি, মো. জসিম উদ্দিন মিঝি, আল আমিন ও মামুন। এরা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। পরে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে গ্রেপ্তার আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। অপরদিকে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বেলা ১১টার দিকে উপজেলা শহরের হাজিরহাট বাজারে মানববন্ধন বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ছাত্রদল ও বিএনপি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাশেদসহ এলাকার লোকজন মিলে কাজে বেড়িবাঁধের কাজে অনিয়ম হচ্ছে বলে প্রতিবাদ জানায়। তখন কথাকাটাকাটির এক পর্যায়ে কাজের দায়িত্বে থাকা গিয়াস উদ্দিন মিঝি ও কাজে থাকা শ্রমিক এবং গিয়াস উদ্দিন মিঝির আত্মীয়-স্বজনরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাশেদ, সোহান,সোহাগ, মামুন, সাফায়াত রাব্বিসহ ১০জন গুরুত্বর আহত হয়। এদেরকে চরফ্যাশন ও মনপুরায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুত্বর আহত রাশেদকে প্রথমে চরফ্যাশন হাসপাতাল, পরে ভোলা সদর ও বরিশাল হয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে পথিমধ্যে রাশেদের মৃত্যু হয়।
এ ঘটনার পর মনুপরা উপজেলা বিএনপির সভাপতি মো. সাসুদ্দিন বাচ্চু চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মিলন মাতাব্বর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানায়, মনপুরা উপজেলায় চলমান বেড়ি বাঁধের উন্নয়ন কাজে দীর্ঘদিন ধরে ব্যাপক অনিয়ম হচ্ছে। যার প্রেক্ষিতে স্থানীয় সচেতন জনতা বারবার অনিয়মের প্রতিবাদ করে আসছে। দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মাঝের ঘাটি নামক স্থানে বেড়ীবাঁধের চলমান কাজ। যার ঠিকাদার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদনি আখন। তার এ কাজ পরিচালনার দায়িত্বে আছেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন মিঝি। গিয়াস উদ্দিন মিঝির নেতৃত্বে বুধবার সকালে সাড়ে ৯টার দিকে প্রতিবাদী জনতার ওপর অতর্কিত হামলা চালিয়ে শতাধিক লোককে নির্মমভাবে আহত করা হয়। একই সঙ্গে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ হোসেনকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডে নেতৃত্বদানকারী গিয়াস উদ্দিন মিজিসহ জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দবি করেন। পাশাপাশি শান্তিপ্রিয় মনপুরায় আর একটি প্রাণও যেনো এভাবে না ঝড়ে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে আরো দায়িত্বশীল এবং সচেতন হওয়ার আহবান জানান তারা। এদিকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো: রাশেদের হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মরকলিপি পেশ করেছে বিএনপি দলীয় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত ছাত্রদলের একাংশ। মনপুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্ছু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক, মাহবুবুল আলম শাহীন, বিএনপি নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাস্টার জামাল উদ্দিন, জলিল মেম্বার, ছাত্রদলের সাবেক সভাপতি আল আমীন, সাবেক সম্পাদক নুর আলম শামীম, ছাত্রদল নেতা, রাকিব, মামুন, রুবেলসহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান সাংবাদিকদের জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত রাশেদের বড় ভাই মো. আজাদ বাদী হয়ে বুধবার রাত আড়াইটার দিকে মনপুরা থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭-৮ জনকের বিরুদ্ধে মামলা করেন। পরে বৃহস্পতিবার সকালের দিকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদেরও গ্রেপ্তরে চেষ্টা চলছে।