গাজীপুরে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকেরা প্রায় আধা ঘন্টা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে। এই পরিস্থিতিতে অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশ সহ যৌথবাহিনী হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার জায়ান নীটওয়্যার ফ্যাশন লিমিটেড কারখানায় কয়দিন আগে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বাকবিতন্ডার জেরে কারখানার তিন কর্মকর্তাকে মারধর করে শ্রমিকেরা। এ ঘটনায় একটি মামলা ও কয়েকজন গ্রেফতার হয়। এসবের জের ধরে এই কারখানায় উত্তেজনা চলছিল। ওই প্রেক্ষাপটে শনিবার (২২ মার্চ) থেকে ওই কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সকালে কারখানায় গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে যায় শ্রমিকরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক এসে অবস্থান নিয়ে সকাল সাড়ে আটটা থেকে প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। আশপাশের কয়েকটি কারখানা শ্রমিকেরা তাদের সাথে যোগ দেয়। এ সময় আরো কারখানায় গিয়ে ইট পাটকেল ছোড়ে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশসহ অনন্যা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে তাদের দ্রুত সময়ের মধ্যে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। ওই শ্রমিক আন্দোলনের জের ধরে আশপাশের অন্তত ১০/১২ টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল। আন্দোলন থেমে গেলে পরে আবার অধিকাংশ কারখানা চালু করা হয়। শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।