ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অপহরণের ঘটনায় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পটুয়াখালীর কলাপাড়ায় মাইশা মনি (১০) নামে পঞ্চম শ্রেণিতে পড়া এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হারুন মৃধা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শিশুটি অপহরণকারীর চোখ ফাঁকি দিয়ে নিজ বাড়িতে পৌঁছায়। পরে বিকেলে ওই শিশুর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় হারুন মৃধার নামে একটি মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, পটুয়াখালীর বাদুরা গ্রামের হারুন মৃধা কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় ভাড়া থাকেন। গতকাল বিকেলে চিপস ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে মাইশাকে বড় মসজিদ সংলগ্ন সড়ক থেকে নিজ বাসায় নিয়ে যান। পরে সারারাত তাকে নিজ ঘরের টয়লেটে আটকে রাখেন। রাতভর মাইশার পিতা মোরশেদ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় অবগত করেন। বুধবার সকালে হারুন মাইশাকে ঘরে তালাবদ্ধ করে বাজারে চলে যান। মাইশা এই সুযোগে কৌশলে পিছনের দরজা খুলে বাড়িতে পৌঁছে তার পরিবারকে সব খুলে বলে। পরে হাসপাতাল প্রাঙ্গণ থেকে হারুনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

কলাপাড়া থানার অফিসার ইনচর্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।