সড়কের ওপরে গাছ ফেলে রাখার দায়ে মাদারীপুরের ডাসারে মো. ফারুক হোসেন নামে একজন করাতকল ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, ভূরঘাটা-শশিকর সড়কের উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম খান্দুলী নামকস্থানে সড়কের ওপর দীর্ঘদিন যাবত করাতকল ব্যবসায়ী ফারুক হোসেন অবৈধভাবে বেশ কিছু গাছ ফেলে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, সড়কের ওপরে গাছ ফেলে রাখার দায়ে একজন করাতকল ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ অভিযান অব্যহত থাকবে।