কেরানীগঞ্জে গণহত্যা দিবস ২ এপ্রিল। বছর ঘুরে এ দিনটি ফিরে এলেই এলাকাবাসীর মধ্যে নামে শোকের ছায়া। গণহত্যা দিবস পালনে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনের প্রথম প্রহরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। ১৯৭১ সালের ২ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী ভোরের দিকে কেরানীগঞ্জের নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে মেশিনগান ও কামান থেকে গুলি ছুড়তে থাকে। কেরানীগঞ্জের দোলেশ্বর, মীরেরবাগ, কালীগঞ্জ, জিঞ্জিরা, রবিশুর, নেকরোজবাগ, শুভাঢ্যা ও খোলামুড়া এলাকায় বুড়িগঙ্গা নদীতে ২০ থেকে ২৫টি গানশিপ থেকে মর্টার শেল ছুড়তে থাকে পাকিস্তানি সেনারা।
ঢাকা জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ৩-এর সাবেক সংসদ সদস্য মোস্তফা মহসীন মন্টু জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশ স্বাধীন করার জন্য তিনি ও (কামরুল আলম খান খসরু ) পরবর্তীকালে (চিত্রনায়ক খসরু) হিসাবে পরিচিতি লাভ করেন। তাদের নেতৃত্বে ঢাকা জেলার নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাইসহ প্রায় ৩ হাজার মুক্তিবাহিনীর সদস্য নিয়ে কেরানীগঞ্জের নেকরোজবাগ এলাকায় গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিলেন। এলাকার রাজাকাররা এ খবর পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে পৌঁছে দেয়। তখন তারা পূর্বপরিকল্পিতভাবে রাজাকারদের সঙ্গে নিয়ে আজকের এ দিনে কেরানীগঞ্জে নির্বিচার গণহত্যা চালায়। কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নের মধ্যে জিনজিরা, শুভাঢ্যা, তেঘুরিয়ায়, কোন্ডা, কালিন্দী, বাস্তা, শাক্তা ও কলাতিয়ার ৯টি ইউনিয়নের নজরগঞ্জ ও জিনজিরা সহ ৭৫টি গ্রামে ব্যাপক হত্যাকাণ্ড চালায় ও অগ্নিসংযোগ করে শত শত ঘরবাড়ি পুড়িয়ে ফেলে । তার ভাষায়, মন্টু-খসরু গেরিলা বাহিনী কেরানীগঞ্জে মনু ব্যাপারির ঢাল ও রোহিতপুর এলাকায় পাকিস্তানি হানাদারদের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে ব্যপক সফলতা পায়।
এছাড়া রাজধানীর একাধিক সেনা ক্যাম্প ও বাংকার উড়িয়ে দিতে সক্ষম হন মন্টু ও খসরু গেরিলা মুক্তিযোদ্ধারা। গণহত্যায় নিহতদের মধ্যে বেশির ভাগ নারী-পুরুষ ছিলেন রাজধানী পুরান ঢাকার বাসিন্দা। ২৫ মার্চ কালরাত পাকিস্তানি সেনারা অপারেশন ‘সার্চলাইট’ নামে রাজধানীর ঢাকা শহরের বিভিন্ন পাড়া মহল্লায় হত্যাযজ্ঞ চালায়। আত্মরক্ষার জন্য রাজধানীর বাসিন্দারা প্রাণ বাঁচাতে কেরানীগঞ্জে আশ্রয় নেয় অন্তত ২০ হাজার লোক। কেরানীগঞ্জে গণহত্যা দিবস পালনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এলাকাবাসী। দিবসটি পালনের জন্য বিএনপি, গণফোরাম, সামাজিক সংগঠন এলাকার পাড়া-মহল্লায় কুরআনখানি, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তা ছাড়া বিএনপি, জাতীয় পার্টি, ঢাকা জেলা প্রেসক্লাব ও কেরানীগঞ্জ প্রেসক্লাব সহ সামাজিক সংগঠনের নেতারা ১৯৭১ সালের সেই ভয়াল ২ এপ্রিল হানাদারদের হাতে নৃশংস গণহত্যায় বীর শহিদের স্মরণে বিভিন্ন
কর্মসূচির মধ্যেমে দিনটি পালন করা হয়।