তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় ফুটবল লিগ (অনূর্ধ্ব-১৫) ঢাকা জোনের খেলায় মাদারীপুর জেলাকে হারিয়েছে শরীয়তপুর জেলা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে মাদারীপুরকে ৪-৩ ব্যবধানে হারায় শরীয়তপুর।
যদিও শুরুতে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল মাদারীপুর। শেষদিকে চমক দেখিয়ে ফল নিজেদের পক্ষে নেয় শরীয়তপুর। খেলায় প্রথমার্ধের ১০ মিনিটের মধ্যে ৩টি গোল হজম করে শরীয়তপুর। পরবর্তীতে গোল শোধের জন্য শরীয়তপুর মরিয়া হয়ে প্রাণপণ লড়তে থাকে। সাফল্য পেতে খুব বেশি বেগ পেতে হয়নি তাদের। ১১ থেকে ২১ মিনিটের মধ্যে ৪টি গোল করে শরীয়তপুর জেলা দল এগিয়ে যায়।
এরপর উভয় দল পুরো ৯০ মিনিট গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও কেউ কোনো গোল করতে পারেনি। তাতে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শরীয়তপুর। এতে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন মোস্তাক শাহরিয়ার মাহাথির। জয়ী শরীয়তপুর ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।
এর আগে একই মাঠে গত ১৫ এপ্রিল মুন্সীগঞ্জের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়লাভ করে মাদারীপুর জেলা। মুন্সীগঞ্জ তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে শরীয়তপুরের।
ঢাকা জোনে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও মুন্সীগঞ্জ জেলা (অনূর্ধ্ব-১৫) ফুটবল দল একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে।