দ্রুত নির্বাচনের দাবিতে কঠোর কর্মসূচির পরিবর্তে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে নতুন পরিকল্পনা নিয়েছে বিএনপি। ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য জনমত তৈরির লক্ষ্যে চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে ঢাকায় সংবাদ সম্মেলন করবে দলটি। আজ থেকে ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক শুরু হচ্ছে।
বিএনপি মনে করে, গণ-অভ্যুত্থানের ফসল এই সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা প্রয়োজন। জামায়াতসহ অন্য দলগুলোর সঙ্গে যুগপৎ সমাবেশ ও দ্রব্যমূল্যের ইস্যুতে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে বলে শঙ্কা দলটির। প্রয়োজনে কঠোর কর্মসূচির দিকে যেতে পারে তারা।
স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “ডিসেম্বরই নির্বাচনের উপযুক্ত সময়। দেরি হলে পতিত শক্তি সুযোগ নিতে পারে।” এলডিপি ও ১২ দলীয় জোটও ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও রোডম্যাপের দাবি জানিয়েছে।