গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালানো আওয়ামী লীগের শীর্ষস্থানীয় মন্ত্রী ও এমপিদের একসঙ্গে দেখা গেল লন্ডনের এক বিয়ের অনুষ্ঠানে।
রবিবার সন্ধ্যায় ওটু এরিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়েতে অংশ নেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে তারা হাস্যোজ্জ্বল ভঙ্গিতে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও ছবি তোলায় অংশ নেন। এর আগে তাদের কয়েকজনকে রাজনৈতিক কর্মসূচি ও সামাজিক অনুষ্ঠানে দেখা গেলেও একসঙ্গে প্রকাশ্যে আসা এবারই প্রথম।