ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে একীভূত করে বৃহত্তর ঢাকা মহানগর কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। নতুন কাঠামোয় রাজধানীকে ২০টি সিটি কাউন্সিলে ভাগ করে, কেন্দ্রীয় সিটি করপোরেশনের হাতে প্রশাসনিক ক্ষমতা রাখা হবে।
প্রস্তাবনায় মেয়রের কর্তৃত্ব বাড়িয়ে ওয়াসা, রাজউক, তিতাসসহ বিভিন্ন সেবা সংস্থার কার্যক্রমে সমন্বয়ের সুযোগ রাখার কথা বলা হয়েছে। একইসঙ্গে দীর্ঘমেয়াদে ঢাকা-চট্টগ্রামে দ্বি-স্তরবিশিষ্ট সিটি গভর্নমেন্ট গঠনের পাশাপাশি অন্যান্য সিটিতে পরীক্ষামূলক বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
কমিশনের মতে, এ প্রক্রিয়ার মাধ্যমে সেবার মান বাড়বে এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত হবে। রবিবার সংস্কার প্রতিবেদনটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হয়।