ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পারভেজ হত্যা: দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্তে ‘সম্পৃক্ততার ইঙ্গিত’

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন ফাতেমা তাহসিন ঐশী (বিবিএ) ও ফারিয়া হক টিনা (ইংরেজি বিভাগ)।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার জানান, প্রাথমিক তদন্তে দুই ছাত্রীর সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। তদন্ত চলমান থাকায় পুলিশি রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাদের ছাত্রত্ব স্থগিত থাকবে।

গত ১৯ এপ্রিল এক কথাকাটাকাটির জেরে পারভেজকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় পারভেজের ভাই বাদী হয়ে মামলা করেন।

পুলিশ জানিয়েছে, হামলায় ১৫-২০ জন অংশ নেয়, যাদের মধ্যে কিশোর গ্যাং সদস্যও রয়েছে। এ পর্যন্ত ১১ জনের নাম শনাক্ত হয়েছে এবং তিনজন গ্রেপ্তার হয়ে রিমান্ডে রয়েছে।