ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরের গাংনী ইউএনও’র বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহার বদলি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় গাংনী উপজেলা পরিষদের সামনে মেহেরপুর-কুষ্টিয়া পাকা সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ইউএনও’র বদলির আদেশ বাতিলের দাবি জানান।

সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা খাতুন বলেন, ইউএনও প্রীতম সাহা গাংনীর সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দরিদ্র ও অসহায় মানুষকে সহায়তা করেছেন, এমনকি চলমান এসএসসি পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে রাতের বেলায় খোঁজখবর নিয়েছেন। তার নেতৃত্বে গাংনীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। এলাকার কল্যাণে ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ বাতিল করে তাকে গাংনীতে রাখার জোর দাবি জানান তিনি।

গাংনী বাজার জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক শুশান্ত কুমার পাত্র জানান, ইউএনও প্রীতম সাহা দায়িত্ব গ্রহণের পর থেকে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্যনীতি অনুসরণ করে সরকারি সাহায্য সহযোগিতা প্রদান করছেন, যার ফলে তিনি এলাকাবাসীর আস্থাভাজন হয়ে উঠেছেন। তিনি গরিব, অসহায় ও পা-ফাটা মানুষের আশ্রয়স্থল। উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হয়েও তার জীবনযাপন অত্যন্ত সাদামাটা। তিনি একজন সৎ, কর্মঠ এবং কাজপাগল মানুষ। তার মতো একজন ইউএনও গাংনীবাসীর জন্য আশীর্বাদ। তাই তার বদলি আদেশ বাতিলের দাবি জানান তিনি।

গাংনী পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের সমাজসেবক শুলেরি আলভী বলেন, ৫ আগস্টের পর সরকার পরিবর্তনের প্রেক্ষিতে ইউএনও প্রীতম সাহা একাধারে উপজেলা পরিষদের প্রশাসক, পৌরসভার প্রশাসক, অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী কমিশনার (ভূমি), এবং সকল মাধ্যমিক পর্যায়ের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এরপরও তিনি এসএসসি পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন, প্রতিদিন রাত ১২টা পর্যন্ত কাজ করছেন—এ যেন তার রুটিন কাজ। সকল দফতরের কার্যক্রম তিনি সুনামের সঙ্গে পরিচালনা করে আসছেন। তাই এলাকাবাসীর উন্নয়নে তার মতো একজন দক্ষ ইউএনওকে পূর্ণ মেয়াদে গাংনীতে রাখার দাবি জানান তিনি।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তারা ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ দ্রুত বাতিল করার দাবি জানান।

উল্লেখ্য: গতকাল সোমবার খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. পারভেজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনও প্রীতম সাহাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়।

একই প্রজ্ঞাপনে জানানো হয়, তার স্থলাভিষিক্ত হবেন বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আনোয়ার হোসেন। বদলির খবর ছড়িয়ে পড়লে গাংনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইউএনও প্রীতম সাহার বদলি বাতিল করে তাকে পূর্ণ মেয়াদে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।