ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর গাংনীতে ভুট্টা ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের চারচারা ভোলার দাড়ির মাঠের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক মধ্যবয়সী পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করে জানান, গাংনী-হাটবোয়ালিয়া পাকা রাস্তা থেকে প্রায় ১৫০ গজ দূরে, বানিয়াপুকুর গ্রামের ভোলার দাড়ি মাঠে মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল খালেকের ভুট্টা ক্ষেতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওসি আরও জানান, ঠিক কখন নাগাদ ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা বলা সম্ভব নয়। মরদেহে পচন ধরেছে এবং পোকা ধরেছে। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।