২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে প্রাণ হারান ১,১৩৪ জন এবং আহত হন দুই হাজারের বেশি পোশাক শ্রমিক। এক যুগ পেরিয়ে গেলেও এই ভয়াবহ দুর্ঘটনার বিচার এখনও সম্পূর্ণ হয়নি। হত্যাকাণ্ড ও ইমারত নির্মাণ আইনে দুটি মামলা দায়ের হলেও একটির বিচার চলছে ধীরগতিতে, অপরটি উচ্চ আদালতের স্থগিতাদেশে আটকে আছে। হত্যাকাণ্ড মামলায় ৫৯৪ সাক্ষীর মধ্যে ৮৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলার প্রধান আসামি সোহেল রানা ১২ বছর ধরে বিচারহীনভাবে কারাগারে বন্দি বলে অভিযোগ আইনজীবীদের। রাষ্ট্রপক্ষ বলছে, দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্নে তারা আন্তরিকভাবে কাজ করছে।