দেশি-বিদেশি সুন্দরী তরুণীদের ব্যবহার করে গড়ে উঠছে হানি ট্র্যাপ চক্র, যারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং এমনকি বিদেশি রাষ্ট্রদূতদেরও টার্গেট করছে। অনলাইন ও অফলাইনে সক্রিয় এ চক্র প্রথমে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে তোলে, পরে ভিডিও কলে আপত্তিকর দৃশ্য ধারণ করে জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করছে। অধিকাংশ ভুক্তভোগী সামাজিক সম্মানহানির ভয়ে আইনি পদক্ষেপ নিতে সাহস পান না। সিআইডির সাইবার পুলিশ সেন্টারে মাসে গড়ে ৩০টি গুরুতর অভিযোগ জমা পড়ে। প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রযুক্তি ব্যবহারে সচেতনতা ছাড়া এ ধরনের অপরাধ দমন সম্ভব নয়। পুলিশের তথ্যমতে, অপরাধীরা ভুয়া রেজিস্ট্রেশনে মোবাইল নম্বর ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অর্থ লেনদেন করছে, ফলে অপরাধীরা প্রায়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।