জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। এ প্রেক্ষিতে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা চার রাত ধরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। রোববার রাতেও কুপওয়ারা ও পুঞ্চ সেক্টরে গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে বিনা উসকানিতে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে, তবে পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। পেহেলগাম হামলার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কও তলানিতে পৌঁছেছে, যার জেরে গুরুত্বপূর্ণ চুক্তি ও আকাশসীমা ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে।