শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে পদ্মা নদীতে বালুমহাল ইজারার প্রক্রিয়া চলছে। এতে আশঙ্কা দেখা দিয়েছে, ইজারা কার্যকর হলে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন ভয়াবহ রূপ নেবে। এতে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে। এজন্য বালুমহাল ইজারা প্রক্রিয়া বন্ধ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে সমীক্ষা চলছে এবং সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদী দ্বারা বেষ্টিত ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে প্রায় ৫০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এরই মধ্যে বহু পরিবার একাধিকবার নদীভাঙনের শিকার হয়ে সব হারিয়েছে। সম্প্রতি পদ্মার উত্তর-পূর্ব পাশে ২২.৬৩ একর চরাঞ্চল বালুমহাল হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। এরপর পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে সমীক্ষার জন্য চিঠি পাঠানো হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রস্তাবিত এলাকায় পর্যাপ্ত বালু রয়েছে এবং সরকারি প্রক্রিয়ায় বালু অপসারণ করা হলে নদীর যে অংশ গভীর হয়ে ভাঙন সৃষ্টি করছে, তা হ্রাস পাবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রস্তাবিত জায়গা পরিদর্শনের পর যদি দেখা যায় বালু উত্তোলন করলে ক্ষতি না হয়ে বরং উপকার হয়, তাহলে সে অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে। তবে স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনের ফলে ভাঙন আরও বেড়ে যাবে।
এই দাবিতে আজ সকাল ১১টায় কাঁচিকাটার ৭ কিলোমিটারজুড়ে প্রায় ১০ হাজার মানুষ মানববন্ধনে অংশ নেন। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল বলেন,
“বাপ-দাদার আমল থেকে আমরা নদীভাঙনের শিকার। আমি নিজেও দুইবার ভাঙনে বাড়ি হারিয়েছি। যদি এখানে আবার বালু উত্তোলন হয়, তাহলে আমাদের আর কিছুই থাকবে না। আমরা চাই এখানে বালুমহাল যেন না হয় এবং সরকারের কাছে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আবেদন জানাচ্ছি।”
সালেহা বেগম বলেন,
“আমরা নিঃস্ব হয়ে গেছি। এখন যদি আবার বালু তোলা হয়, তাহলে আর কোনো আশ্রয় থাকবে না। প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের ভিটেমাটি রক্ষায় এগিয়ে আসুন।”
এ বিষয়ে পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান বলেন,
“জেলা প্রশাসনের নির্ধারিত জায়গাটি আমরা পরিদর্শন করব। দেখা গেছে, অনেক সময় নদীতে বালুর স্তুপ থাকার কারণে স্রোতের গতিপথ পরিবর্তিত হয়ে ভাঙন হয়। যদি মনে হয় বালু উত্তোলনে ক্ষতি হবে না, তাহলে সে অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে।”
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল বলেন,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে পর্যাপ্ত বালু রয়েছে। পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরও তা মনে করছে। বসতবাড়ির পাশে নদী গভীর হয়ে ভাঙন হচ্ছে। ডুবোচর খনন করা হলে পরিস্থিতি উন্নত হবে।”
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন,
“বালুমহাল ইজারার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিভিন্ন দপ্তরের রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
মানববন্ধন থেকে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়:
১. অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের জন্য ইজারা অবিলম্বে বাতিল করতে হবে।
২. পদ্মার তীরবর্তী কাঁচিকাটা অংশে জরুরি ভিত্তিতে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
৩. নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।