ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় আবারো বাস ও সিএনজি শ্রমিকদের সংঘর্ষ, অনির্দিস্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক

ভোলায় যাত্রী উঠানো নিয়ে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে মারামারি ঘটনায় অনির্দিস্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। আজ রবিবার সন্ধ্যার পর থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টারমিনাল এলাকায় টায়ার জ্বেলে সড়ক অবরোধ করে কিক্ষোভ করছেন বাস শ্রমিকরা। এ ঘটনার ঘর থেকে জেলার অভ্যন্তরীণ পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। অপর দিকে যাত্রী পরিবহন করছে না সিএনজি চালকরাও। এদিকে হঠার্ৎ ধর্মঘটের ডাকে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। এক সপ্তাহের মাথায় এনিয়ে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার (৪ মে) বিকাল ৫ টায় ভোলা চরফ্যাসন সড়কের বাংলা বাজার জয়নগর স্কুল এলাকায় যাত্রী উঠানো নিয়ে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বাস শ্রমিকদের অভিযোগ সিএনজি চালকরা একত্রিত হয়ে জেলার বিভিন্ন স্থানে বাস আটকে রাখে ও ১৬জন বাস শ্রমিককে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়।

বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান বলেন, একই সঙ্গে পরিকল্পিতভাবে ৫টি স্পটে সিএনজি চালকরা বাস শ্রমিকের গায়ে হাত দিয়েছে। মোট ১৫/১৬ জন বাস শ্রমিক আহত হয়েছে। ৫টি বাস আটকে রেখেছে ও ৩ টি বাস ভাংচুর করেছে। এ কারণে তাঁরা ধর্মঘট ডেকেছে।

সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন বলেন, বাস শ্রমিকরা ধর্মঘট ডাকার পরে তাদের যাত্রী টানা বন্ধ করার জন্য বাসস্টান্ডের মধ্যে ৪টি সিএনজি নিয়ে ৩টি ভাংচুর ও একটিতে অগ্নিসংযোগ করেছে। একটি সিএনজিতে আগুন লাগিয়ে দিয়েছে। পরে ক্ষুব্ধ চালকরা লালমোহনে দুটি বাস আটকে রাখে। কিন্তু ভাংচুর করেনি।

এদিকে বিক্ষোভ মিছিলের পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল এ দুই গ্রুপের মধ্যে সংঘের্ষর ঘটনায় বাস শ্রমিকরা ভোলা জেলায় বাস ধর্মঘটের ডাক দেয়। প্রায় ২৪ ঘন্টা পর প্রশাসনের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।