গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় রোববার (৪ মে) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা হামলা চালায়। এতে তার গাড়ির গ্লাস ভেঙে তিনি আহত হন। হামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-ক্রাইম/উত্তর) মো. রবিউল হাসান জানান, হাসনাত ঢাকায় ফেরার পথে এ হামলার শিকার হন। পুলিশ ঘটনার তদন্ত ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। হামলার পর হাসনাত বোর্ড বাজারে আইইউটির সামনে অবস্থান নেন, যেখানে শত শত মানুষ জড়ো হন। রাতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা চান্দনা চৌরাস্তায় প্রতিবাদ মিছিল করে।