ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে আগ্রহী, নিরাপদ অভিবাসনের প্রতিশ্রুতি

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আলোচনায় নিরাপদ অভিবাসন, মানবপাচার রোধ, বাণিজ্য ও বিনিয়োগের বিষয় উঠে আসে। মন্ত্রী জানান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেপ্টেম্বরের আগে বাংলাদেশ সফর করতে পারেন। তিনি ইতালিতে বাংলাদেশি কমিউনিটির প্রশংসা করে বলেন, তারা তরুণ, পরিশ্রমী এবং সমাজে মিশে গেছে। তবে অবৈধ অভিবাসনের ঝুঁকি এড়াতে বৈধ পথে অভিবাসনের ওপর জোর দেন তিনি।

প্রধান উপদেষ্টা অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে ইতালির সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, অবৈধ অভিবাসনের প্রলোভন দেখানো আন্তর্জাতিক গোষ্ঠীই মূল সমস্যা, এবং অভিবাসীরা এর শিকার হচ্ছেন।