চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রীয় কাজে বাধা, হত্যার হুমকি, ভাঙচুর ও বিস্ফোরণের চারটি মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার (৬ মে) এ আদেশ দেন বিচারক এসএমএম আলাউদ্দিন মাহমুদ। এর আগের দিন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না মঞ্জুরকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হন সাইফুল, যার জেরে একাধিক মামলা দায়ের হয়। গত বছরের ২৫ নভেম্বর ডিবি পুলিশ শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।