ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকায় এক নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ইন্টারলুপ বিডি লিমিটেডের এক নারী শ্রমিককে অজ্ঞাত নামা একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। ঘটনার পর সকাল সাড়ে আটটার দিকে ওই শ্রমিকের সহকর্মী শ্রমিকেরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের‌ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

এদিকে, মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও পথচারীরা।

গাজীপুরে মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম বলেন, সকালে ট্রাক চাপায় এক নারী শ্রমিক নিহতের জেরে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।