নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যাসহ ছয়টি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোরে নগরীর দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় আইভী প্রথমে যেতে অস্বীকৃতি জানালেও পরে সহযোগিতা করেন। অভিযানের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তার কর্মী-সমর্থকরা বিক্ষোভে রাস্তায় নেমে আসেন এবং পুলিশের পথ অবরোধ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় এসব মামলা হয়। বর্তমানে তাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে।