বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ জানিয়েছে ভারত। ১৩ মে নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা যথাযথ প্রক্রিয়া ছাড়া দেওয়া হয়েছে, যা উদ্বেগজনক।’ তিনি জানান, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত রাজনৈতিক স্বাধীনতা সংকুচিত হওয়ার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দ্রুত আয়োজনের আহ্বান জানানো হয়। এর আগে, সন্ত্রাসবিরোধী আইনে চলমান বিচার প্রক্রিয়ার মধ্যেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর সব কার্যক্রম বন্ধে গেজেট প্রকাশ করে সরকার।