ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর দেশব্যাপী অভিযানে ২০০ অপরাধী আটক

বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ৮ থেকে ১৪ মে পর্যন্ত দেশব্যাপী অভিযানে ২০০ অপরাধীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক ব্যবসায়ী ও অবৈধ বালু উত্তোলনকারী রয়েছেন। অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮৭টি গোলাবারুদ, ৫টি ককটেল বোমা, ৬টি হাতবোমা, মাদকদ্রব্য, চোরাই মোবাইল, নকল খাদ্যদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছে এবং শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বুদ্ধ পূর্ণিমা উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতেও সেনাবাহিনী সক্রিয় ছিল। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।