ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পুলিশের হয়রানির প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

গাজীপুরের ইটাহাটা এলাকায় এক ফার্নিচার ব্যবসায়ীকে আটক করে অবৈধ ভাবে ঘুষ নেয়া, জামিন থাকার পরেও গ্রেপ্তার ও পুলিশের হাতে নানাভাবে হয়রানির প্রতিবাদ ও বিচার দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগরের ইটাহাটা এলাকার একটি মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভূক্তভোগী ব্যবসায়ী আরিফ হোসেন।

আরিফ হোসেন বলেন, তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন, দীর্ঘ দিন এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছেন। এলাকার কিছু স্বার্থান্বেষী মহলের ইন্ধনে পুলিশ তাকে গত ৫ মার্চ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে নিয়ে যায়। পরে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হবে এমন ভয় দেখিয়ে তার কাছে তিন লাখ টাকা দাবি করে পুলিশ। এক পর্যায়ে ভূক্তভোগীর স্ত্রী ও স্বজনরা দেড়লাখ টাকা জোগাড় করে দেয়ার পরও পুলিশ আরিফ হোসেনকে মামলা দিয়ে আদালতে পাঠায়। এরপর প্রায় তিন মাস কারাভোগের পর আদালত থেকে ৭ মে জামিনে মুক্তি পান। জামিনে বের হয়ে তিনি তার নিজের ব্যবসা শুরু করেন। কিন্তু জামিন থাকার পরও গত ২৪ মে ডিবি পুলিশের একটি দল ফের তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। এসময় জামিনের কাগজপত্র দেখাতে ও মোবাইল ফোনে কথা বলতে চাইলে ডিবি পুলিশ তাকে বাধা দেয়। এরপর স্বজনরা গতকাল তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে আনেন।
আরিফ হোসেন আরও বলেন, রাজনীতি না করলেও পুলিশ মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধান ও পুলিশের হয়রানি বন্ধে তিনি সরকার ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এসময় তার স্ত্রী শাহানাজ পারভীন বলেন, তার স্বামী নির্দোষ। তাকে স্থানীয় স্বার্থান্বেষীদের সহায়তায় পুলিশ হয়রানি করছে। তিনি স্বামী, সন্তান নিয়ে স্বাভাবিক পরিবেশে বসবাসের জন্য সবার সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী আরিফ হোসেনের বাবা হযরত আলীসহ স্বজন ও অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন খান বলেন, বিষয়টি গনমাধ্যম কর্মীদের মাধ্যমে জেনেছি। এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।