সরকারি-বেসরকারি অংশীদারিত্বে চালিত ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, কর ফাইলিংসহ বিভিন্ন সরকারি ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এ প্রকল্পের লক্ষ্য।
প্রকল্পটির মাধ্যমে একদিকে যেমন নাগরিকদের জন্য সেবা গ্রহণ সহজ হবে, তেমনি নারী ও যুবদের জন্য অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার নতুন পথ উন্মুক্ত হবে। প্রথম ধাপে কঠোর বাছাইয়ের মাধ্যমে ২০০ জনকে প্রশিক্ষণ দিয়ে ১০০ উদ্যোক্তা (সমান সংখ্যক নারী-পুরুষ) নির্বাচন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফয়েজ আহমদ তৈয়্যব। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন, ভূমি মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পুলিশ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
এই উদ্যোগকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও নাগরিক ক্ষমতায়নের নতুন মডেল হিসেবে উল্লেখ করেছেন আয়োজকরা।