বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তা দিতে ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক প্যাকেজ অনুমোদন দিয়েছে জাপান।
শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ অর্থ সহায়তার আওতায় বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য ৪১৮ মিলিয়ন ডলার ডেভেলপমেন্ট পলিসি লোন হিসেবে প্রদান করা হবে। পাশাপাশি জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে রূপান্তরের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬৪১ মিলিয়ন ডলার। এছাড়া, শিক্ষা খাতে শিক্ষাবৃত্তির জন্য ৪.২ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হবে।
বৈঠকে দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। ড. ইউনূস জাপানের এ সহায়তাকে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।