ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

বহুল আলোচিত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় প্রধান দুই আসামি—টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলার অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানার আদেশও বহাল রাখা হয়েছে।

সোমবার (২ জুন) বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা দিপ্তী, জসিম সরকার এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ ও লাবনী আক্তার। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, বিচারপতি মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট শেখ মো. জাহাঙ্গীর আলম ও দুলাল মল্লিক।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার দুই বছর পর ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করে। রায়ে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং বাকি ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন আসামিরা, আর রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন করে। আজ হাইকোর্ট সেই রায়ই বহাল রাখল, যা মেজর সিনহা হত্যাকাণ্ডে ন্যায়বিচারের পথকে আরও একধাপ এগিয়ে নিল।