ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের দাম বাড়ছে না, খরচ কমাতে নতুন পরিকল্পনা

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার দুপুর ৩টায় টেলিভিশনে সম্প্রচারিত বাজেট বক্তব্যে এ তথ্য জানান।

তিনি বলেন, “উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে বিদ্যুতের দাম স্থিতিশীল রাখা জরুরি। নাগরিকদের জীবনযাত্রার ব্যয় যেন নিয়ন্ত্রণে থাকে এবং অর্থনীতি সচল থাকে, সে বিষয়টি মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তবে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর লক্ষ্যে ব্যয় হ্রাসে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তার ভাষায়, “বিদ্যুৎ উৎপাদনের সামগ্রিক ব্যয় ১০ শতাংশ কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে এবং উৎপাদন ব্যয় কমাতে এনার্জি অডিট চালুর উদ্যোগ নিয়েছি।”

জ্বালানি সরবরাহে দেশীয় উৎসকে গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, “চলতি বছরের মধ্যেই অভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। পাশাপাশি ২০২৮ সালের মধ্যে স্থানীয় গ্যাসক্ষেত্র থেকে অতিরিক্ত ১৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনাও রয়েছে।”

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারব্যাপ্ত ব্যয় নিয়ন্ত্রণে রাখার এই পরিকল্পনা সাধারণ মানুষের ওপর চাপ না বাড়িয়ে দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের ভিত্তি গড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।