ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির ঈদে ছুটি বাতিল পুলিশের, ডাকাতি ঠেকাতে তোলা হবে যাত্রীদের ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্যদের সব ধরনের ছুটি বাতিল করেছে সরকার।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে ১০ দিনের ছুটিকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বা সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায়ের ঘটনা ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগের ঈদগুলোর মতো এবারও যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিবহন মালিকদের সম্মতিতে গঠিত হচ্ছে একটি মনিটরিং কমিটি, যারা ভাড়া আদায়ের সঠিকতা পর্যবেক্ষণ করবে।

ডাকাতির নতুন কৌশল রুখতে বিশেষ উদ্যোগ হিসেবে এবার বাসে ওঠার সময় যাত্রীদের ছবি তোলা হবে, যাতে ছদ্মবেশী ডাকাতদের শনাক্ত করা যায় এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়।