ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

দীর্ঘ চার বছর পর শরীয়তপুর জেলা শাখা ছাত্রদলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে এইচ এম জাকিরকে আহ্বায়ক এবং মো. সোহেল তালুকদারকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্যান্য ৩৩ সদস্যসহ মোট ৩৫ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণায় তৃণমূল ছাত্রদল কর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে খুশি প্রকাশ করেন। দলীয় নেতাকর্মীদের মতে, এই কমিটির মাধ্যমে বিএনপির আগামী রাজনৈতিক আন্দোলন আরও বেগবান হবে।

এ সময় নতুন কমিটির আহ্বায়ক এইচ এম জাকির বলেন, “দীর্ঘ চার বছর পর ৩৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা হয়েছে। দায়িত্ব যথাযথভাবে পালন করে পরবর্তী নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমার অঙ্গীকার। ছাত্রদলকে ঐক্যবদ্ধ করে সামনের আন্দোলন ও নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে আমরা কাজ করবো।”

সদস্যসচিব মো. সোহেল তালুকদার বলেন, “নতুন কমিটির মাধ্যমে ছাত্রদল মাঠে আরও সক্রিয় ভূমিকা রাখবে। আমরা ঐক্যবদ্ধ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় কাজ করবো।”