শরীয়তপুরের ভেদরগঞ্জে বিকল্প জীবিকার্জনের জন্য নিবন্ধিত ৭৫ জন জেলেকে বাছুর প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয়ের উদ্যোগে এই বাছুর প্রদান করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানবীন হাসান শুভ প্রমুখ।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১৪৪৪১ জন। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৫ জন জেলেকে বকনা বাছুর দেওয়া হয়েছে।
পদ্মা নদীতে প্রায় ৩০ বছর ধরে মাছ ধরছেন কাচিকাটা ইউনিয়নের জেলে বাবুল দেওয়ান। তিনি বলেন, বাছুর পেয়ে আমি খুব খুশি। এটি বড় হলে আরও বাছুর হবে, চার-পাঁচ কেজি করে দুধ হবে। যখন নদীতে মাছ ধরা বন্ধ থাকবে তখন দুধ বেচে খরচ চালাব।
তারাবুনিয়া ইউনিয়নের জেলে বিল্লাল বেপারি বলেন, ইলিশের প্রজনন মৌসুমে নদীতে নামা নিষেধ থাকে। সেসময় সরকার যেই পরিমাণ খাদ্য সহয়তা দেয় তা দিয়ে সংসার চলে না। এখন একটি বাছুর পেয়েছি। লালনপালন করে এটাকে বড় করব, একসময় এর থেকে দু-তিনটা হবে। গরু আর দুধ বেচে আমি উন্নতি করতে চাই।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান বলেন, প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে ভেদরগঞ্জ উপজেলায় ৭৫ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী প্রান্তিক জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, নিষিদ্ধ সময়ে জেলেরা যেন মাছ ধরা থেকে বিরত থাকেন, সেজন্য তাদের বাছুর প্রদানসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করা হচ্ছে। জেলেদের জীবনমান উন্নয়নের জন্য সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে।