আসন্ন কোরবানির ঈদ ঘিরে জমে উঠেছে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কামারপট্টি। ঈদের মাত্র দু’দিন বাকি, আর ততক্ষণে কামারদের হাতে সময় যেন ফুরোচ্ছে না—সকালের আলো ফোটার আগেই শুরু হয়ে যাচ্ছে কামারের হাওর-বাটির খেলা, চলছে গভীর রাত পর্যন্ত।
কোরবানির পশু জবাইয়ের জন্য ছুরি, চাপাতি, দাঁ, বটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর তাই ঈদের আগমুহূর্তে কামারদের ওপর চাহিদা বাড়ছে কয়েক গুণ। চারদিকে টুং টাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারশালাগুলো—জ্বলন্ত কয়লার চুলায় লালচে আগুনে গরম লোহা, আর ঘাম ঝরিয়ে সেই লোহা পেটাচ্ছেন কামার শিল্পীরা।
ডামুড্যা বাজারের পুরনো মিতালী সিনেমা হলের পাশে গেলেই দেখা মেলে এ ব্যস্ততার চিত্র। সামনে আগুনের শিখা, হাতুড়ির ঘায়ে তৈরি হচ্ছে শান দেয়া ধারালো দা, বটি, ছুরি ও চাপাতি। এমন দৃশ্য যেন জানান দেয়—ঈদ এসে গেছে।
স্থানীয় কামার পলাশ কর্মকার বলেন, “বছরের বেশিরভাগ সময় কাজ থাকে না, অলস সময়েই কাটে। কিন্তু কোরবানির ঈদ এলেই যেন আমাদের জীবনে কর্মচাঞ্চল্য ফিরে আসে। গত দুই-তিন দিন ধরে বিক্রি অনেক বেড়েছে। এই সময়টাই আমাদের রোজগারের ভরসা।”
নাওয়া-খাওয়ার ফুরসত না থাকলেও কেউ অভিযোগ করছে না। তাদের চোখেমুখে এখন শুধু শ্রমের গৌরব আর পারিশ্রমিকের প্রতীক্ষা। ঈদের প্রস্তুতিতে ব্যস্ত শহর আর গ্রামগঞ্জে যখন বাজারে ভিড়, তখন কামাররা নীরবে ব্যস্ত থাকেন সেই ঈদের সবচেয়ে প্রয়োজনীয় প্রস্তুতিতেই—চালু রাখছেন শতাব্দীপ্রাচীন ধাতব শিল্পকে।