রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. হুমায়ুন কবীর সুজন (৫৩), ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানী সরদার (৪৬) এবং আওয়ামী লীগ কর্মী মো. মেহেদী হাসান (২৭)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (৫ জুন) টিকাটুলি, মিরপুর ও মোহাম্মদপুরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা পরিকল্পিতভাবে মিছিল ও অপতৎপরতার মাধ্যমে আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।