মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। শনিবার (৭ জুন) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি এই সম্পর্ক মেরামত করতে আগ্রহী নন। ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় ২৫০ মিলিয়ন ডলার অনুদান দেওয়া মাস্ক ট্রাম্পের ‘বিগ বিউটিফুল কর ও ব্যয় বিল’-এর সমালোচনা করায় দ্বন্দ্ব প্রকট হয়। এর জেরে ১২৯ দিন দায়িত্ব পালনের পর মাস্ক ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডোজ) থেকে পদত্যাগ করেন।
মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, তাঁর সমর্থন ছাড়া ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন এবং ট্রাম্পকে জেফরি এপস্টাইনের ফাইলের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন, যদিও পরে তিনি এই পোস্ট মুছে ফেলেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে মাস্ককে ‘পাগল’ আখ্যা দিয়ে তাঁর প্রতিষ্ঠানের সরকারি চুক্তি বাতিলের হুমকি দেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মাস্কের আচরণকে ‘বড় ভুল’ বলে সমালোচনা করেন।
এদিকে, মাস্ক একটি জরিপে আমেরিকানদের ৮০ শতাংশের সমর্থনে ‘দ্য আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন, যা মার্কিন রাজনীতিতে নতুন মোড় আনতে পারে।