ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে সাপের ছোবলে শিশুর মর্মান্তিক মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাটে খেলার সময় সাপের ছোবলে প্রাণ হারিয়েছে সারিয়া আক্তার নামে তিন বছরের এক শিশু। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নলমুড়ি ইউনিয়নের চরমনপুরা খুনেরচর গ্রামে নিজ বাড়ির উঠানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সারিয়া রাজিব গাইনের মেয়ে। রাজিব পেশায় একজন দিনমজুর।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে খেলছিল সারিয়া। একপর্যায়ে সে মুরগির খোপের কাছে গেলে খোপের নিচে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ হঠাৎ তাকে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।