ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতার জাতীয় দলে ব্রাহ্মণবাড়িয়ার নাবিল ইরফান

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে অনেকেই সাম্প্রতিক সময়ে দেশের জার্সিতে খেলার জন্য ফিরছেন নিজভূমে। তবে এই স্রোতের বিপরীতে হাঁটছেন ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া নাবিল ইরফান। তিনি রয়েছেন মধ্যপ্রাচ্যের মরুপ্রান্তরে, খেলছেন কাতার জাতীয় দলে।

রক্ষণভাগের খেলোয়াড় নাবিল মূলত রাইট ব্যাক হিসেবে পরিচিত হলেও প্রয়োজন অনুযায়ী ডিফেন্সের যেকোনো পজিশনে খেলতে সক্ষম। বর্তমানে তিনি কাতারের পেশাদার লিগের ক্লাব আল ওয়াকরাহ স্পোর্টস ক্লাবের নিয়মিত মুখ। এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে আবারও কাতার জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।

অবশ্য চলতি আন্তর্জাতিক উইন্ডোর শুরুতে তার নাম ছিল না স্কোয়াডে। তবে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের মাত্র তিন দিন আগে কোচ ইউলেন লোপেতেগি ডেকে নেন তাকে। একইসঙ্গে ডাক পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ আয়াশ।

নাবিল এর আগেও কাতার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন। গত বছর ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এরপর আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডে ছিলেন, যদিও মাঠে নামার সুযোগ পাননি।

২১ বছর বয়সী এই ফুটবলারের পিতামাতা উভয়েই ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তার জন্মও সেখানেই। কিন্তু ফুটবল ক্যারিয়ার গড়েছেন কাতারে। অন্যদিকে, অনেকেই ফিরছেন বাংলাদেশের টানে—যেমন জামাল ভূঁইয়া, তারিক কাজী, হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম, শমিত সোম কিংবা কিউবা মিচেল।

জামাল ভূঁইয়া ২০১৩ সালে প্রথম বাংলাদেশে ফিরে আসেন এবং হয়ে ওঠেন জাতীয় দলের অধিনায়ক। এরপর ২০২১ সালে যুক্ত হন তারিক কাজী। ২০২৫ সালে দলে অভিষেক হয় হামজা চৌধুরীর, ইতোমধ্যে গোলও পেয়েছেন তিনি। ফাহামেদুল ইসলামও অভিষেক ম্যাচ খেলে ফেলেছেন। শমিত সোম এখনো অপেক্ষায় রয়েছেন। কিউবা মিচেলও সম্প্রতি পেয়েছেন ফিফার অনুমোদন, এখন কেবল মাঠে নামার অপেক্ষা।

বাংলাদেশের ফুটবলে যখন প্রবাসী খেলোয়াড়দের আগমনে নতুন মাত্রা যোগ হচ্ছে, তখন নাবিল ইরফান অন্যরকম এক নজির হয়ে থাকলেন—দেশের মাটিতে জন্ম নিয়েও অন্য দেশের পতাকায় নিজের সামর্থ্য প্রমাণ করছেন।