নোয়াখালী-ঢাকা মহাসড়কের সোনাপুর বাসস্ট্যান্ড ও বেগমগঞ্জ চৌমুহনী চৌরাস্তা এলাকায় দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রী ভোগান্তি ও ভাড়া নৈরাজ্য ঠেকাতে এ অভিযান চালানো হয়।
সোমবার ( ৯ জুন) সকালে নোয়াখালী সদর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো.মাহমুদুল হাসান হিমেলের নেতৃত্বে বিভিন্ন বাস কাউন্টারে ও সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালিত হয়। এর আগে গতকাল রাতেও নোয়াখালীর গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ পরিচালনা করা হয়।
অভিযানকালে সদর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো.মাহমুদুল হাসান হিমেল বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা শাস্তিযোগ্য অপরাধ। আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাব। কেউ নিয়ম লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
সেনাবাহিনীর সদস্যরা সোনাপুর বাসস্ট্যান্ড ও বেগমগঞ্জ চৌমুহনী এলাকায় গুরুত্বপূর্ণ বাস কাউন্টারগুলোতে টিকিট মূল্য যাচাই করেন। এ সময় দেখা যায় কয়েকটি কাউন্টারে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ভাড়া আদায় করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ ছাড়া আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।