স্বামীকে ইতালি যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা এনে দিয়েছিলেন সুমাইয়া বেগম। স্বপ্ন ছিল, তার পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে, এবং সন্তানদের নিয়ে সুখ শান্তিতে জীবন কাটাবেন। কিন্তু স্বামী লিবিয়ায় পৌঁছানোর পর দালাল চক্রের খপ্পরে পড়ে। দালালরা তার স্বামীকে জিম্মি করে টাকা দাবি করতে থাকে। অভাবের সংসারে, যেখানে নিত্য দিনের প্রয়োজন মেটানোই কষ্টকর, সেখানে এই অতিরিক্ত টাকা দেয়া অসম্ভব হয়ে পড়ে। মানসিক চাপ সহ্য করতে না পেরে সুমাইয়া গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
মঙ্গলবার (১০ জুন) শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের গুলমাইজ গ্রামে সুমাইয়া বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুমাইয়া ওই গ্রামের দেলোয়ার খানের কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাত বছর আগে সুমাইয়ার বিয়ে হয় একই উপজেলার ভুমখাড়া ইউনিয়নের চাকধ গ্রামের কাশেম বেপারীর ছেলে আজাহার বেপারীর সঙ্গে। তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। ছয় মাস আগে, স্বামী আজাহার ইতালি যাওয়ার জন্য সুমাইয়াকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। কথা মতো, কয়েক ধাপে প্রায় দুই লাখ টাকা এনে দেন সুমাইয়া। কিন্তু ইতালি যাওয়ার পথে, আজাহার লিবিয়ায় দালালদের খপ্পরে পড়ে। দালাল চক্রের সদস্য নড়িয়া চানভবানী এলাকার বাসিন্দা জামাল ফকির সুমাইয়ার সঙ্গে যোগাযোগ করে এবং মোটা অঙ্কের টাকা দাবি করতে থাকে। টাকা দিতে না পারায়, সুমাইয়া মানসিকভাবে চরম চাপের শিকার হন।
এমন পরিস্থিতিতে, আজ সকালে সুমাইয়ার বাবার বাড়ির একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নড়িয়া থানা পুলিশ।
সুমাইয়ার বাবা দেলোয়ার খান জানান, “আমার মেয়ের স্বামী আজাহার ও দালাল জামাল ফকির প্রতিনিয়ত টাকার জন্য চাপ দিচ্ছিল। অভাবের সংসার আমার, এত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না। সুমাইয়া এই চাপ সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিল। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি, পাশের ঘরে গিয়ে সুমাইয়া ফাঁস নিয়েছে। দালালদের টাকার চাপে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি তাদের বিচার চাই।”
নড়িয়া থানার তদন্ত কর্মকর্তা সুরুজ উদ্দিন আহাম্মেদ বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”