ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা’র ম্যাগাজিন “আলোক বিহঙ্গ”-এর মোড়ক উন্মোচন

রাজনগর শাফিরা বেগম নূরানিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা’র কক্ষে বসেছিল শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী ও সংগঠকদের মিলনমেলা।‘আলোক বিহঙ্গ’র আত্মপ্রকাশকে কেন্দ্র করে বসে জমজমাট এ আসর। এতে অংশ নেন শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা’র সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ। নবীণ-প্রবীণ লেখকের উপন্যাস কবিতা গল্পসহ বিভিন্ন ধরণের লেখায় সমৃদ্ধ হয়েছে এই ম্যাগাজিন।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টায় রাজনগরস্থ বটতলা বাজারের একটি মাদ্রাসা কক্ষে সৃজনশীল ম্যাগাজিন ‘আলোক বিহঙ্গ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রানা আহেমদ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা’র সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মো. তোফাজ্জল হোসেন। আলোক বিহঙ্গ’র ম্যাগাজিনের সম্পাদক নুরে আলমের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা পরিষদ সদস্য এস এম আজিজুল হক বলেন, ‘আমি এক মহান পেশায় নিয়োজিত ছিলাম। যার প্রধান কাজই ছিল শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ করা। এই মহৎ কাজে নিজেকে উৎসর্গ করে দিয়েছি। এতোদিন পর যেন তার ফল অনুভব করতে পারছি। আজকে তারাই এই সমাজের মানুষকে আলোকিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একঝাঁক উদ‍্যমী তরুণসমাজ জোনাকি পোকার মতো করে ছড়িয়ে দিচ্ছে শিক্ষার আলো। এই ধারা অব্যাহত থাকবে-সেটাই প্রত্যাশা।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা পরিষদ সদস্য বিশিষ্ট লেখক ও সিনিয়র সাংবাদিক আনোয়ার ফরিদী, সহকারী অধ্যাপক মো. সবুজ মাদবর, প্রভাষক মো. সাজেদুল আল মামুন, বিশিষ্ট সমাজসেবক মো. সেলিম মাদবর, মো. রানা আহমেদ এবং সদস্য মো. ইমরান হোসাইন প্রমুখ।