ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে প্রার্থী নিয়ে জামায়াতের নির্বাচনী শো ডাউন

গাজীপুর থেকে : আগামী জাতীয় সংসদ নির্বাচনের
গাজীপুর-২ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীকে নিয়ে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন হয়েছে। শনিবার সকালে নগরের টঙ্গীর টেশিসের সামনে থেকে শোডাউনটি শুরু হয়।
পরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক হয়ে স্টেশন রোড, বোর্ড বাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, ধারনা, জয়দেবপুর, হায়দ্রাবাদ, বনমালাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দুপুর দেড়টায় গাজীপুরা এলাকায় গিয়ে শেষ করা হয়। এই নির্বাচনী শোডাউনটি এলাকায় বেশ আলোড়ন তুলেছে।
শোডাউন শুরুর আগে গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ হোসেন আলীকে পরিচয় করিয়ে দেন এই আয়োজনের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদদীন। এ সময় তিনি বলেন, উপযুক্ত ও দেশ প্রেমিক জনপ্রতিনিধি ছাড়া আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে হলে তাকওয়াবান, পরহেজগার ও দেশ প্রেমিক মানবিক মানুষকে ক্ষমতায় পাঠাতে হবে। এই জন্য গাজীপুরের প্রতিটি বাড়ি বাড়ি, অলিগলি, ডোর টু ডোর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে জোরদার প্রচারনা চালিয়ে যেতে হবে। এই মোটরসাইকেল শোডাউন পূর্ব আলোচনায় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ আজহারুল ইসলাম, মোঃ নেয়ামত উল্লাহ শাকেরসহ মহানগর জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্যগন, থানা আমীরগনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।