ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল গ্রেফতার

নরসিংদীর পলাশে ছাত্রদলের শান্তি মিছিলে হামলা ও গুলি বর্ষণের মামলায় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) ভোর ৪ টার দিকে ঢাকা মহানগরের দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। গ্রেফতারকৃত ফজলুর কবির জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে। তিনি সদ্য গঠিত নরসিংদী জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ জুন) সন্ধ্যার দিকে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড মোড়ে পলাশ উপজেলা ছাত্রদল ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ছাত্রদল কর্মী ইসমাঈল ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হয়।এছাড়া পুলিশ সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় রোববার রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক সিয়াম মিয়া বাদী হয়ে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ছাত্রদল ও বিএনপি নেতা জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা মহানগর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে বেসরকারি একটি হাসপাতাল থেকে জুয়েলকে গ্রেপ্তার করেন। বর্তমানে জুয়েল পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান ওসি।
#