গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন বলছে, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছিল প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ, ব্যক্তিগত বিচ্যুতি নয়। কমিশনের কাছে জমা পড়া ১,৮০০ অভিযোগের পর্যালোচনায় উঠে এসেছে, নিরাপত্তা বাহিনীর একাধিক ইউনিট যৌথভাবে এসব অপরাধে জড়িত ছিল।
একটি ঘটনায় দেখা যায়, একজন সেনা কর্মকর্তা স্বীকার করেছেন তিনি দু’জনকে হত্যা করে অপারেশনের পর প্রাপ্ত অর্থ গ্রামের মসজিদে দান করেছেন। তবে তার ঊর্ধ্বতন কোনো তদন্ত না করে ঘটনাটিকে সতর্কতার উদাহরণ হিসেবে উপস্থাপন করেন।
প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলোর নথিতে গুম শব্দটি নেই, বরং কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা ও আচরণগত বিষয়গুলোই বেশি গুরুত্ব পেয়েছে। কমিশন উল্লেখ করে, এসব অপরাধের বিষয়ে বাহিনীগুলোর নীরবতা একটি ‘অপারেশনাল ম্যান্ডেট’-এর ফল।
এছাড়া প্রতিবেদনে একাধিক কর্মকর্তার মানসিক দ্বন্দ্ব, ভয়ের পরিবেশ এবং ঊর্ধ্বতনদের দায়িত্বহীনতার চিত্র তুলে ধরা হয়েছে। এমনকি পুলিশের উপপরিদর্শক পর্যায়ের কর্মকর্তারাও জানান, তাদের জোর করে কাগজে সই করিয়ে অপরাধে যুক্ত করা হতো।
কমিশনের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনার জন্য শুধু জড়িত ব্যক্তিরা নয়, বরং গোটা প্রাতিষ্ঠানিক কাঠামোর জবাবদিহিতার অভাবই ছিল গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বড় কারণ।