ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে বিদ্যালয়ের রুমে-রুমে চলছে ফ্যান, জ্বলছে লাইট

বিদ্যালয় তিন দিন ছুটিতে। মূল ফটকে ঝুলছে তালা। তবুও রুমে-রুমে চলছে ফ্যান, জ্বলছে লাইট! এমনই অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে মাদারীপুরের কালকিনি উপজেলার ৭৪ নম্বর ক্রোকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজ শুক্রবার সকালে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়—ছুটি চলাকালেও প্রতিটি কক্ষে চালু রয়েছে ফ্যান ও লাইট।

স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দুলিয়া জান্নাতের চরম দায়িত্বহীনতা ও প্রশাসনিক অযোগ্যতা প্রকাশ পেয়েছে। তাদের দাবি, এমন ঘটনা বিদ্যালয়টিতে প্রায়ই ঘটে। সচেতন মহলও এই অভিযোগের সাথে একমত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে পরবর্তী তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এই বিদ্যালয়ও বন্ধ রয়েছে। তবে বিদ্যালয় বন্ধ থাকলেও ফ্যান ও লাইট চালু থাকায় ব্যয় হচ্ছে অপ্রয়োজনীয় বিদ্যুৎ—যা সরকারি অর্থের অপচয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ও সচেতন ব্যক্তি জানান, “বিদ্যালয় বন্ধ থাকলেও প্রতিনিয়ত রুমে-রুমে ফ্যান ও লাইট চলে। এতে শুধু বিদ্যুৎ অপচয়ই নয়, বরং প্রধান শিক্ষিকার দায়িত্বজ্ঞানহীনতা স্পষ্ট হচ্ছে। আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

অভিযুক্ত প্রধান শিক্ষিকা দুলিয়া জান্নাতের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।