বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশব্যাপী টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব—যারা প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখবেন এবং দায়িত্ব এড়িয়ে বিদেশে পালিয়ে যাবেন না। তিনি বলেন, “আপনাদের এমন জনপ্রতিনিধি বেছে নিতে হবে, যিনি জনগণের অর্থ সঠিক খাতে ব্যয় করবেন এবং দেশের মাটিতেই থাকবেন।”
শুক্রবার (৪ জুলাই) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে বাপেক্সের বাস্তবায়নাধীন ‘গ্যাস কূপ-১’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ—যেখানে ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা থাকবে।
ভোটের দিন পোলিং এজেন্টদের উপস্থিতি ও ভোট গণনার পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নতুন করে ১০০টি গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, “আমরা ছোট আকারে কিছু গ্যাসক্ষেত্র পেয়েছি, তবে বড় কূপ খনন এবং গ্যাস আহরণের সক্ষমতা বৃদ্ধির জন্য বাপেক্সকে নতুন করে প্রমাণ দিতে হবে।”
বাপেক্স নিয়ে দীর্ঘদিনের সমালোচনার প্রেক্ষাপটে তিনি বলেন, “বাপেক্সের সামর্থ্য নিয়ে সংশয় থাকলেও এখন তাদের সামনে একটি বাস্তব পরীক্ষা। আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই বোঝা যাবে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কি না।”
এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সাইফুল ইসলাম, পেট্রোবাংলার পরিচালক মো. রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।