ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংখ্যানুপাতিক নির্বাচনের সমর্থকদের ‘আওয়ামী দোসর’ বললেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যেসব রাজনৈতিক শক্তি জাতীয় নির্বাচনে জামানত হারানোর যোগ্য, তারাই এখন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক নির্বাচনের দাবি করছে এবং সংস্কার কমিশনে বড় বড় বক্তব্য দিচ্ছে।

শনিবার (৫ জুলাই) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত কিছু দল এখন সংস্কার কমিশনে গিয়ে নিজেদের মতো করে মত দিচ্ছে। অথচ এসব দলে জনগণের কোনো সমর্থন নেই। তিনি আরও অভিযোগ করেন, এসব দল নির্বাচনের নামে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সংস্কারের নামে টালবাহানা করে কেউ যদি বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায়, তবে তা দুঃস্বপ্ন হয়েই থাকবে। প্রয়োজন হলে আবারও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নামবে বিএনপি।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, হাবিব উন নবী খান সোহেল, শামা ওবায়েদ, আজিজুল বারী হেলালসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।